বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

জুলাই আন্দোলনের ‘ট্রফি’ বিএনপির ঘরে: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনের ‘ট্রফি’ বিএনপির ঘরে: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

১৯৭১, ১৯৯০ এবং ২০২৪—তিনটি আন্দোলনের চূড়ান্ত অর্জনের কৃতিত্ব বা ‘ট্রফি’ এখন বিএনপির দখলে বলে দাবি করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ শুধু একাত্তর ও নব্বইয়ের কথা বলতে পারে, কিন্তু জুলাই-আগস্টের কৃতিত্ব তাদের নেই। আবার অনেক বিরোধী দল জুলাই-আগস্টের কথা বললেও একাত্তর বা নব্বইয়ের ইতিহাস তাদের নেই। একমাত্র বিএনপির ঘরেই এই তিনটি বড় আন্দোলনের ট্রফি রয়েছে।”

মীর শাহে আলম আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে জুলাই আন্দোলনের ট্রফি তুলে দিয়েছেন এবং নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করেছেন। তাঁর মতে, এটিই প্রমাণ করে এই আন্দোলনের মূল নেতৃত্বে কোন দল ও কোন নেতা ছিলেন।

তবে প্রতিমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রতিমন্ত্রীর কিছু বক্তব্যকে ‘অসত্য’ অভিহিত করে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান। অন্যদিকে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলেও যে বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন, সেই বিষয়টি প্রতিমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com