বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পহেলা বৈশাখ মানেই যার সুর বাঙালির কানে বাজে, সেই জনপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ এবার নতুন রূপে ফিরছে। ১৮ বছর আগে কণ্ঠশিল্পী সনিয়ার গাওয়া এই গানটি তরুণ প্রজন্মের কাছে আরও আধুনিক সাউন্ডে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা ‘গানচিল’।
গানের মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন নিজেই নতুন এই সংস্করণের সংগীতায়োজন করেছেন। এবারের বিশেষ চমক হিসেবে মূল কণ্ঠশিল্পী সনিয়ার পাশাপাশি শওকত আলী ইমন নিজেও কণ্ঠ দিয়েছেন। তাদের সাথে যুক্ত হয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্ণিয়া। কবির বকুলের কথায় গানটির নতুন ভিডিওচিত্র নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
শওকত আলী ইমন বলেন, দেশের সীমানা পেরিয়ে প্রবাসেও গানটি সমান জনপ্রিয়। মূল আবহ ঠিক রেখেই আমরা আধুনিক সাউন্ডে এটি তৈরি করেছি। আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। গানচিলের কর্ণধার আসিফ ইকবাল আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের ‘জেন-জি’ শ্রোতাদের কাছেও গানটি নতুন প্রাণ পাবে।