বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হঠাৎ করেই ইন্টার মায়ামির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হাভিয়ের মাসচেরানো। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার কথা জানান তিনি। ক্লাবের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মায়ামি কর্তৃপক্ষ জানায়, মাসচেরানো গত শনিবার নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ম্যাচের পরই তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দলের দায়িত্ব পালন করবেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গিলের্মো হোয়োস।

২০২৪ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়া মাসচেরানোর অধীনে ইন্টার মায়ামি সাফল্যের শিখরে পৌঁছায়। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি ২০২৫ সালে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জয়ের গৌরব অর্জন করে। পদত্যাগের ঘোষণায় মাসচেরানো ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ক্লাবের প্রথম শিরোপা আমার জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ দেড় বছরের এই যাত্রায় মাসচেরানোর অধীনে মায়ামি ৬৭টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩৮টিতেই জয় পেয়েছে তারা। বর্তমানে এমএলএস পয়েন্ট তালিকায় ৩ নম্বরে অবস্থান করছে মেসি-সুয়ারেজদের দল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com