বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’ (Peddi) ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। আইটেম গানের অভিনেত্রী নির্বাচন নিয়ে নায়ক ও নির্মাতাদের মধ্যে মতবিরোধের জেরে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সিনেমার শুটিং। এর ফলে আগামী ৩০ এপ্রিল নির্ধারিত তারিখে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই স্পোর্টস-ড্রামাটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। ইতোমধ্যে সিনেমার ‘চিকিরি চিকিরি’ ও ‘রাই রাই রা রা’ গান দুটি মিউজিক চার্টে শীর্ষস্থান দখল করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমার বিশেষ একটি আইটেম গানের কাস্টিং নিয়ে সমস্যার সূত্রপাত। নির্মাতা পক্ষ দক্ষিণী কোনো অভিনেত্রীকে নিতে চাইলেও রাম চরণ চান প্যান-ইন্ডিয়া জনপ্রিয় কোনো মুখ, যা সিনেমার বাণিজ্যিক সাফল্যে বড় ভূমিকা রাখবে। এই তালিকায় ম্রুণাল ঠাকুর, পূজা হেগড়ে, আয়েশা খান ও মানসা ভারাণসির মতো তারকাদের নাম আলোচনায় থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রযোজনা সংস্থা।
বর্তমানে রাম চরণ ব্যক্তিগত কারণে এক সপ্তাহের ছুটিতে থাকায় শুটিং বন্ধ রয়েছে। ২৫০-৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির বাকি কাজ শেষ করতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে। পরিস্থিতি বিবেচনায় সব কাজ সম্পন্ন হওয়ার আগে মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন নির্মাতারা।