বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২২ জন শ্রমিক ও কর্মচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই অঞ্চলে বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৫ সালে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল।
সাক্তি জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণের পর ৪ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। বর্তমানে আহত ২২ জনের চিকিৎসা চলছে।
ঘটনার দায় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল ‘এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড’ (এনজিএসএল)। তবে হতাহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে মূল প্রতিষ্ঠানটি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।