বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তে অস্ত্রের সূত্র
সিআইডি জানায়, নরসিংদী থেকে উদ্ধার করা পিস্তলটির ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এটি থেকেই হাদি হত্যাকাণ্ডের বুলেট ছোড়া হয়েছিল। মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে পিস্তলটির সিরিয়াল নম্বর উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায়, ২০১৭ সালে আমদানিকৃত এই অস্ত্রটি ২০১৮ সালে চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস এন্ড কোং’-এর কাছে বিক্রি করা হয়েছিল, যার মালিক বর্তমান আসামি হেলাল।
লাইসেন্স সংক্রান্ত অনিয়ম
তদন্তে আরও উঠে আসে যে, হেলালের দোকানের লাইসেন্স ২০১৪ সালের পর আর নবায়ন করা হয়নি। অবৈধভাবে লাইসেন্সবিহীন অবস্থায় তিনি এই অস্ত্রটি ক্রয় করেছিলেন। অস্ত্রটি হেলালের হাত থেকে কীভাবে মূল ঘাতকদের কাছে পৌঁছালো, তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।