বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দ্বৈততা ও অনিয়ম বন্ধ করে প্রকৃত প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দিতে ‘ফ্যামিলি ট্রি’ নামের একটি দীর্ঘমেয়াদী পারিবারিক নেটওয়ার্কিং সিস্টেম চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাবিত এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি একক কিউআর কোড ও কার্ডের আওতায় আনা হবে।
সচিবালয়ে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সরকারের এই মহাপরিকল্পনা ও ফ্যামিলি কার্ডের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, আগামী জুনের মধ্যে ৮০ হাজার মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কার্যক্রম শেষ হবে। এরপর ক্রমান্বয়ে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। পিএমটি (প্রক্সি মিনস টেস্ট) মেথডে বৈজ্ঞানিক উপায়ে আবেদনকারীর জীবনযাত্রার মান ও স্কোর যাচাই করে কেবল ‘অতি দরিদ্র’ পরিবারগুলোকেই এই কার্ডের জন্য নির্বাচন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ডের মাসিক ভাতা ২ হাজার ৫০০ টাকা। তবে ডাবল বুকিং বা দ্বৈততা বন্ধের নিয়ম অনুযায়ী, কেউ এই কার্ড নিতে চাইলে তার আগের কম অঙ্কের (যেমন ৫০০ বা ১০০০ টাকার বয়স্ক বা বিধবা ভাতা) কার্ডটি সমর্পণ করতে হবে। সরকার ও উপকারভোগীর মাঝে কোনো মধ্যস্বত্বভোগী সহ্য করা হবে না উল্লেখ করে তিনি মাঠপর্যায়ের অনিয়মের বিরুদ্ধে কঠোর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।