বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কারও প্রতি পক্ষপাত না করে সবার জন্য সমান ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই ইসির মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাজধানীতে ‘আনফ্রেল’-এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচন সংঘাতমুক্ত করা গেলেও স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত থামানো এখন বড় চ্যালেঞ্জ। বিগত ২০১৬ ও ২০২১ সালের স্থানীয় নির্বাচনে বিপুল প্রাণহানির তথ্য উল্লেখ করে সিইসি জোর দিয়ে বলেন, “আমরা কোনো রক্তপাত চাই না। তৃণমূলের গণতন্ত্র রক্ষায় রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
দলীয় সরকারের আমলে চাপ প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচনের সফলতায় সরকারের সহযোগিতা অপরিহার্য। অন্তর্বর্তী সরকারের মতো গণতান্ত্রিক সরকারের আমলেও সেই ধারা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। দেশজুড়ে ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ ও ১৩টি সিটি করপোরেশনসহ বিশাল কর্মযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসি কারও পক্ষে বা বিপক্ষে নয়। কর্মজীবনের অভিজ্ঞতা ও সাহসের ওপর ভর করে, সবার সহযোগিতায় একটি নিরাপদ ও সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালাবে।