বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৮) ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে এই নির্দেশনা দিয়ে মন্ত্রী জানান, দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মামলা করেন।
ইতিমধ্যেই প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। আজ আসামিদের আদালতে হাজির করা হয়েছে। এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।