বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাগুরার আসিয়া ও ঢাকার রামিসা হত্যাকাণ্ডের ঘটনা সমাজের মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে দেওয়া হবে না এবং দ্রুত বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) এক বক্তব্যে আইনমন্ত্রী বলেন, “এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড যেতে দেবো না।” সম্প্রতি রামিসার বাবার ক্ষোভ ও হতাশা প্রকাশের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে না পারলে ভুক্তভোগী পরিবারের এমন হতাশা আসাই স্বাভাবিক। দেশের বিচার ব্যবস্থায় মামলার জট একটি বড় সমস্যা স্বীকার করে তিনি বলেন, আসিয়ার মামলায় ৭ দিনে চার্জশিট ও এক মাসে বিচার শেষ করার উদাহরণ রয়েছে, তবে এর চেয়ে দ্রুত বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে।
রায় কার্যকরের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডেথ রেফারেন্স মামলার পেপারবুক তৈরি সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার। রামিসা হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সরকার এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, আদালত স্বাধীন এবং বিচারপ্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করবে না, তবে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে মামলাটি ‘ফাস্ট ট্র্যাকে’ নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এছাড়া, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে, ধর্ষণ সংক্রান্ত কোনো মামলা প্রত্যাহারের বিবেচনায় আনা হবে না। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই প্রতিদিন সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই দ্রুত বিচার সম্ভব এবং সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে।