শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে ইরান রাজি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (২৩ মে) নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইরানের সাথে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে এবং আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে একটি ‘সুখবর’ আসতে পারে। তবে রুবিও স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না এবং তাদের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।
কূটনৈতিক তৎপরতা ও ইরানের অবস্থান:
এদিকে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়ার পর আকস্মিক ইরান সফরে গেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির। তবে চুক্তির আলোচনার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ পাকিস্তানি সেনাপ্রধানকে বলেন, “আমরা জনগণের অধিকার আদায়ে বিন্দুমাত্র ছাড় দেব না।” আমেরিকার ওপর আস্থা রাখা কঠিন উল্লেখ করে তিনি জানান, ইরান যেমন যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে দেশ রক্ষা করেছে, ঠিক তেমনি কূটনৈতিক অঙ্গনেও শক্তির সাথে লড়বে।