রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা জেলা শহরের ছোটবাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটককৃত যুবকের নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের উখিয়ার পালংখালী (তথ্যসূত্র অনুযায়ী ওয়াইকাম এলাকার ফালনখালী) গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কারিমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারিম জানিয়েছেন, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে “সোনাতরী পরিবহন” নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন। তবে তিনি কী উদ্দেশ্যে নেত্রকোণায় এসেছিলেন, সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।