বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করলেন লিওনেল মেসি, আর তার ফেরার ম্যাচে দাপুটে জয় পেল আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। প্রথমার্ধে নিকো পাজের দুর্দান্ত পাসিং ও মাঝমাঠের নিয়ন্ত্রণে আইসল্যান্ডের রক্ষণ ভেঙে পড়ে। ম্যাচের প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তরুণ তারকা ভ্যালেন্টিনো বারকো। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের মূল আকর্ষণ ছিল লিওনেল মেসির মাঠে ফেরা। বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন আর্জেন্টিনা অধিনায়ক। এরপর ম্যাচের ৭২ মিনিটে চমৎকার এক ফিল্ড গোলে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মেসি। পুরো ম্যাচজুড়ে লিওনেল স্কালোনির দলের ছোট ছোট পাসের শৈল্পিক ফুটবল এবং গতিময় কাউন্টার অ্যাটাক ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপের আগে মেসির এই জাদুকরী প্রত্যাবর্তন ও দলের এমন বড় জয় নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা সমর্থকদের।