শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সীমিত সম্পদের মধ্যে দেশের সব মানুষকে স্বস্তি দিতেই সরকার এবারের বাজেট প্রস্তুত করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই চিন্তা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
একটি ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। অর্থমন্ত্রী যোগ করেন, এবারের বাজেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে এবং সীমিত সম্পদের মধ্যেই সবাইকে সাথে নিয়ে এই বাজেট বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।