শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রবাসীদের আবাসন, চিকিৎসা ও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালু, ‘প্রবাসী সিটি’ নির্মাণ এবং বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠাসহ একগুচ্ছ বড় উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহারের আলোকে একটি ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরাসরি ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং তাদের পরিবারের সদস্যরাও নির্ধারিত সীমার মধ্যে সেই অর্থ ব্যবহার করতে পারবেন।
এছাড়া প্রবাসীদের আবাসন সুবিধা ও বিনিয়োগ আকৃষ্ট করতে প্রাথমিকভাবে ঢাকার পূর্বাচলে ‘প্রবাসী সিটি’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে জেলা পর্যায়ে সম্প্রসারিত হবে। প্রবাসীদের চিকিৎসার জন্য ঢাকার গুলশানে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতালও নির্মাণ করা হচ্ছে।
বিদেশে কর্মীদের আইনি সুরক্ষা ও পুনর্বাসনে সরকারের নেওয়া অন্যান্য পদক্ষেপগুলো হলো:
আইনি সহায়তা: প্রবাসে নির্যাতন বা অন্যায়ভাবে চাকরিচ্যুতি রোধে ১০টি দেশের ল’ ফার্মের সঙ্গে চুক্তি করা হয়েছে। এছাড়া সৌদি আরব ও ওমানে নারী কর্মীদের জন্য ৩টি সেফ হোম সচল রয়েছে।
আর্থিক অনুদান: গত এক বছরে ৫,২২৫ জন প্রবাসী সন্তানের শিক্ষা ভাতা বাবদ ১৬ কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত কর্মীদের লাশ পরিবহন, দাফন ও বিমা দাবি বাবদ শত শত কোটি টাকা বিতরণ করা হয়েছে।
নতুন শ্রমবাজার ও পুনর্বাসন: প্রায় আড়াই লাখ বিদেশফেরত কর্মীকে পুনর্বাসন ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজারের জন্য ‘জাপান সেল’ গঠনসহ ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মিশনগুলোকে সক্রিয় করা হয়েছে।
সিন্ডিকেট ও এজেন্সি নিয়ন্ত্রণ: মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না বলে স্পষ্ট জানান প্রতিমন্ত্রী। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম রোধে ‘গ্রেডিং ব্যবস্থা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে ৩ হাজার লাইসেন্সের মধ্যে ৪০০ থেকে ৫০০টি টিকে থাকতে পারে।
হেল্পলাইন: প্রবাসীদের তাৎক্ষণিক সেবার জন্য দেশে টোল-ফ্রি কল সেন্টার ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।