বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর থাকা বিদ্যমান ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে তিনি এই ঘোষণা দেন। মোবাইল ব্যবহারের ব্যয় কমিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং টেলিকম খাতকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশের জিডিপিতে আইসিটি খাতের অবদান মাত্র ১-২ শতাংশ হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ডিজিটাল অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সব বিমানবন্দর, সাতটি রেলস্টেশন এবং আন্তঃনগর ট্রেনে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গত চার মাসে দেশে ৪১ লাখ নতুন ফোর-জি (4G) এবং ৪ লাখ ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ এলাকায় উচ্চগতির ফাইভ-জি (5G) সেবা পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা রয়েছে সরকারের।