শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার (১০ জুন) দিবাগত রাতে ইরানের একাধিক শহরে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো।
মার্কিন হামলার জবাবে আজ বৃহস্পতিবার ভোরে পাল্টা আঘাত হেনেছে ইরানও। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অ্যারোস্পেস এবং নৌ শাখা যৌথভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর ১৮টি লক্ষ্যবস্তুতে একযোগে সমন্বিত হামলা চালানোর দাবি করেছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করবেন?! আমরা পুরো ইরান থেকে আপনাদের জন্য এই অঞ্চলটিকে নরকে পরিণত করব।” তিনি এটিকে মার্কিন দুঃসাহসিকতার উপযুক্ত জবাব হিসেবে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, বিশ্ব বাজারের মোট পেট্রোলিয়ামের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। আইআরজিসির নৌবাহিনী পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই কৌশলগত জলসীমার দিকে অগ্রসর হওয়া যেকোনো নৌযানকে সরাসরি সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। একই সাথে পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থানরত সব তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজকে নোঙর না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।