শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গুয়াদালাহারা: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ‘এ’ গ্রুপের ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে এশিয়ার এই পরাশক্তি। এই জয়ে স্বাগতিক মেক্সিকোর সমান পয়েন্ট নিয়ে আসর শুরু করল তারা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল রোমাঞ্চ। ৫৯তম মিনিটে লাডিস্লাভ ক্রেইচির চমৎকার হেডে লিড নেয় চেক প্রজাতন্ত্র (১-০)। তবে লিডটা বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। মাত্র ৮ মিনিট পর (৬৭ মিনিটে) মিডফিল্ডার হোয়াং ইন-বিওমের দারুণ গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।
ম্যাচের ৭৭তম মিনিটে টমাস সউচেক চেক প্রজাতন্ত্রের হয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এই স্বস্তি কাজে লাগিয়ে ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বিওমের নিখুঁত ক্রস থেকে জোরালো শটে বল জালে পাঠান হিউন-গিউ ওহ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।