বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের শেষ বত্রিশের শ্বাসরুদ্ধকর ম্যাচে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। নির্ধারিত সময়ের মাত্র ৪ মিনিট আগে দলের ত্রাতা হয়ে আসেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তাঁর নাটকীয় জয়সূচক গোলেই নকআউটের টিকিট কাটল ইউরোপের দলটি।
যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচের শুরু থেকেই সমানে-সমানে লড়াই চালায় দুই দল। ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে অ্যান্তোনিও নুসার দুর্দান্ত কোনাকুনি শটে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে। প্রথমার্ধে আইভরিকোস্ট বেশ কিছু আক্রমণ করলেও ফরোয়ার্ডদের লক্ষ্যভ্রষ্ট শটের কারণে গোলবঞ্চিত থাকে।
দ্বিতীয়র্ধে গোল শোধে মরিয়া আইভরিকোস্ট ম্যাচের ৭৪তম মিনিটে সমতায় ফেরে। বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে নরওয়ের ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ান। চলতি বিশ্বকাপে এটি দিয়ালোর দ্বিতীয় গোল।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ৮৬তম মিনিটে জ্বলে ওঠেন আর্লিং হালান্ড। প্যাট্রিক বার্গের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে নরওয়েকে আনন্দের জোয়ারে ভাসান তিনি। চলতি আসরে এটি হালান্ডের ৫ম গোল। এই জয়ের ফলে আগামী ৫ জুলাই নিউ জার্সিতে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।