শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা শুধু পায়ের জাদুই নয়, স্পষ্টভাষী মন্তব্যের জন্যও সমান আলোচিত ছিলেন। ২০২৬ বিশ্বকাপের প্রেক্ষাপটে ২০১৮ সালে দেওয়া তার একটি মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে। রাশিয়া বিশ্বকাপের সময় এক সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রে ফুটবলের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি সতর্ক করেছিলেন, মার্কিন ক্রীড়া সংস্কৃতির প্রভাবে ফুটবলের আসল ঐতিহ্য নষ্ট হতে পারে। বর্তমান বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’-এর সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনা তার সেই আশঙ্কার সঙ্গেই মিলে যাচ্ছে বলে মনে করছেন অনেক ভক্ত। ম্যারাডোনা সেসময় মনে করিয়ে দেন, ১৯৯৪ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ম্যাচকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছিল, যাতে বেশি বিজ্ঞাপন প্রচার করা যায়। প্রস্তাবটি বাতিল হলেও বর্তমানের বাণিজ্যিক সম্প্রচার দেখে তার দূরদর্শিতার প্রমাণ মিলছে। ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পর তীব্র ক্ষোভ জানিয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। মেক্সিকোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, “মেক্সিকো এই আয়োজনের যোগ্য নয়। জার্মানি বা ব্রাজিলের মতো শক্তিশালী দল পেলেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যায়।” যুক্তরাষ্ট্র ও কানাডাও তার সমালোচনা থেকে রেহাই পায়নি। তার মতে, যুক্তরাষ্ট্রে ফুটবলের প্রতি প্রকৃত আবেগের ঘাটতি রয়েছে। আর কানাডাকে নিয়ে তার রসিকতা ছিল, “কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিয়ার হতে পারে।” ম্যারাডোনার মৃত্যুর কয়েক বছর পর, ২০২৬ বিশ্বকাপের নানা পরিবর্তনের মাঝে তার পুরোনো মন্তব্যগুলো যেন নতুন করে ফুটবল অঙ্গনকে ভাবিয়ে তুলছে।a