শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ২৩ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে অবশেষে ইরাক থেকে সব সৈন্য পুরোপুরি প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সব সেনা ইরাক ত্যাগ করবে। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির মধ্যে এক বৈঠকের পর যৌথভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার এক বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরাকে তাদের আর সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। ইরাকের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন একটি বিশাল অর্থনৈতিক ও ব্যবসায়িক অংশীদারিত্বে রূপ নিয়েছে। ইরাকি প্রধানমন্ত্রী আল-জাইদি নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী চলে গেলেও মার্কিন কোম্পানিগুলো ইরাকে তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখবে।
২০০৩ সালে সাদ্দাম হোসেন সরকারের পতনের লক্ষ্যে ইরাকে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২০১৪ সালে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সরকারের অনুরোধে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হয়। ২০২৪ সালে বাইডেন প্রশাসনের আমলে আইএস বিরোধী অভিযান সমাপ্তির যে চুক্তি হয়েছিল, বর্তমান ট্রাম্প প্রশাসন তারই ধারাবাহিকতা বজায় রাখছে। বর্তমানে সেখানে থাকা অল্প কিছু সামরিক উপদেষ্টা ও সেনা সদস্য আগামী সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্তভাবে দেশ ত্যাগ করবেন।