বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষে এসব দাবি তুলে ধরেন তিনি। রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার নির্দেশদাতা—উভয়কেই কঠোর বিচারের মুখোমুখি করতে হবে এবং গোটা ব্যবস্থার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমা চাইতে হবে।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রাকালে রাহুল গান্ধীকে আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত এক যুগে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো বিচার বা জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি।