শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে দেশব্যাপী ‘ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা’ (হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং) কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কার্যক্রম পরিচালনায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীরা বিশেষ কিটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইল পরীক্ষা করবেন। পাশাপাশি নারী স্বাস্থ্যকর্মীরা নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণের প্রাথমিক প্রশিক্ষণ দেবেন, যাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি ও মাতৃদুগ্ধ পান কমার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মায়েদের কর্মব্যস্ততা ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে শিশুদের পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ছে। সুস্থ জাতি গঠনে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর জোর দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ সামানজার সাঈদ, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।