মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত কেবল অনলাইনে নির্ধারিত প্রক্রিয়ায় এই আবেদন করা যাবে। কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের (যেমন—বাংলা ও ইংরেজি) ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। আবেদন ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার আগে নির্বাচিত বিষয় সংশোধনের সুযোগ থাকলেও, একবার ফি পরিশোধ হয়ে গেলে বিষয় পরিবর্তন বা ফি ফেরত পাওয়া যাবে না।
যেভাবে আবেদন করবেন:
১. প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
২. একটি সক্রিয় মোবাইল ফোন নম্বর দিতে হবে, যাতে পরবর্তীতে ফল জানানো হবে।
৩. কাঙ্ক্ষিত বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশন থেকে বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে মোট ফি পরিশোধ করতে হবে।
৪. ফি পরিশোধ সফল হলে পুনরায় পোর্টালে ঢুকে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যা বিগত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন।