শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ দর্শকদের জন্য যুক্ত হচ্ছে নতুন চমক। বহুল আলোচিত এই ধারাবাহিকের ১৪তম চ্যাপ্টারে অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (‘রাফসান দ্য ছোট ভাই’) ও অভিনেত্রী সুনেহরা তাসনিমকে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাবে নতুন এই চ্যাপ্টারটি।
গল্পের প্রেক্ষাপটে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে রাফসান ও সুনেহরার আগমন ঘটলেও তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করেননি নির্মাতা কাজল আরেফিন অমি। ফলে তাদের উপস্থিতি ঘিরে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। অসুস্থতার কারণে কিছুদিন বিরতিতে থাকার পর ১৩তম চ্যাপ্টার দিয়ে কাজে ফেরেন অমি। নির্মাতা জানান, ১৪তম চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বেশি বিনোদন ও চমক অপেক্ষা করছে।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে যথারীতি অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে। উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো বঙ্গের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে।