শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের যুদ্ধাহত সংক্রান্ত তথ্যভান্ডারের সর্বশেষ হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার পেন্টাগন তাদের হতাহতের তালিকায় নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই এই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হলো। পেন্টাগনের তথ্যভান্ডার ও ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর থেকে মার্কিন বাহিনী এই হতাহতের শিকার হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি প্রতিরক্ষা দপ্তর ‘বিদেশি অভিযান’ নামে একটি নতুন বিভাগ চালু করে ৭ জুলাই থেকে হতাহতের হিসাব রাখছে, যা কংগ্রেসে দেওয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধক্ষমতা আইনের নোটিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে হতাহতের তথ্য প্রকাশে ধীরগতি ও সংখ্যার গরমিল নিয়ে পেন্টাগন সমালোচনার মুখে পড়েছিল। যদিও কর্তৃপক্ষ একে সাময়িক কারিগরি ত্রুটি ও নিরাপত্তার কারণ হিসেবে উল্লেখ করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি ‘খুব ভালো’ বলে দাবি করলেও আলোচনা স্থগিত রেখেছেন এবং কৌশলগত হরমুজ প্রণালিতে এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।