বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বিএসএমএমইউ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই যুগস্রষ্টা।

১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া নজরুলের শৈশব-কৈশোর কেটেছে তীব্র দারিদ্র্যের মধ্যে। তবে মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে কবিতা, গান, নাটক, গজল ও শ্যামাসংগীতের এক বিশাল ভাণ্ডার রেখে গেছেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন ও শোষিত মানুষের পক্ষে তাঁর ক্ষুরধার লেখনী তাঁকে এনে দেয় ‘বিদ্রোহী কবি’র খ্যাতি।

স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি-লিট এবং ১৯৭৬ সালে সরকার তাঁকে নাগরিকত্ব ও একুশে পদকে ভূষিত করে।

কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কবি নজরুল সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে স্মারক বক্তৃতা দেবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর। এছাড়া নজরুল ইনস্টিটিউটে সংস্কৃতি সচিব কানিজ মাওলার উপস্থিতিতে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com