বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লেস্টার সিটির জার্সিতে কি শেষ হয়ে আসছে হামজা চৌধুরীর অধ্যায়? দলবদলের বাজারে জোর গুঞ্জনের মধ্যেই এবার কারাবাও কাপের ম্যাচে ইপসউইচ টাউনের বিপক্ষে স্কোয়াডের বাইরে রাখা হলো ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে।
মৌসুমের শুরুতে লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলেও হঠাৎ করেই এই ম্যাচে তাঁকে দলের বাইরে রাখা হয়। ম্যাচ শেষে লেস্টার কোচ রাসেল মার্টিন নিশ্চিত করেন, দলবদল নিয়ে আলোচনার কারণেই তাঁকে খেলানোর ঝুঁকি নেননি। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি হামজাকে দলে নিতে আগ্রহী। আগামী ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে।
লেস্টার একাডেমির হয়ে বেড়ে ওঠা হামজা ক্লাবটির মূল দলের হয়ে ১৬৬টি ম্যাচ খেলেছেন। দলবদল চলাকালীন খেলোয়াড়ের মনোযোগ যেন বিঘ্নিত না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানান কোচ মার্টিন। হামজা দল ছাড়লে তা ক্লাব ও খেলোয়াড় উভয়ের জন্যই সুবিধাজনক হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে লেস্টার ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ান’-এ রয়েছে; ফলে ডার্বি কাউন্টিতে যোগ দিলে হামজার সামনে দ্বিতীয় স্তরের ‘চ্যাম্পিয়নশিপ’-এ ফেরার বড় সুযোগ তৈরি হবে।