বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক তরুণীর জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকারী কনস্টেবল অমিত হাসানকে বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। সাহসিকতা ও মানবিকতার স্বীকৃতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফ বুধবার (২৬ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে তার হাতে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন’ তুলে দেন।
এর আগে, গত ২৫ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি এলাকার একটি ব্রিজে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কনস্টেবল অমিত হাসান। রাত প্রায় ১০টা ৫ মিনিটে পারিবারিক কলহে বিপর্যস্ত এক তরুণী আনুমানিক ৪০ হাত উঁচু ব্রিজ থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। উপস্থিত অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকলেও অমিত এক মুহূর্তও দেরি না করে তীব্র স্রোতের নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে গিয়ে তরুণীকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
নিজের অনুভূতি প্রকাশ করে অমিত হাসান বলেন, এটি আমার জীবনের অন্যতম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। একজন মানুষের প্রাণ বাঁচাতে পেরেছি—এটাই সবচেয়ে বড় তৃপ্তি। পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।