বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাজার মেয়াদ শেষ হওয়ার দিনেই দিনাজপুর জেলা কারাগারে মো. নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার প্রয়াত আলাউদ্দিনের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি ধারায় ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন নাদিম। বুধবারই ছিল তাঁর সাজার শেষ দিন এবং পরদিন বৃহস্পতিবার সকালে তাঁর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।