বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

হামের টিকা পাবে আরো ৩০ লাখ শিশু

হামের টিকা পাবে আরো ৩০ লাখ শিশু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের সুরক্ষায় আবারও বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া এ কার্যক্রমে প্রায় ৩০ লাখ শিশুকে নতুন করে হামের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যকার এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে পরিচালিত টিকাদান কার্যক্রমে কিছু এলাকার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা বাদ পড়েছিল। নতুন কর্মসূচিতে তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে টিকা দেওয়া হবে। সরকারের কাছে বর্তমানে প্রায় ১৬ লাখ ডোজ টিকা মজুত রয়েছে এবং চাহিদা অনুযায়ী অতিরিক্ত টিকাও সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ফের এ বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে প্রায় ৩০ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু হবে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে হামের প্রাদুর্ভাব দেখা দিলে এপ্রিল মাসে দেশজুড়ে বিশেষ কর্মসূচি চালানো হয়। ওই সময় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছিল বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com