বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নবগঠিত ত্রিদেশীয় সামরিক ও নিরাপত্তা বলয় ‘মক্কা চুক্তিতে’ যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক ভাবছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সম্প্রতি এমন ইঙ্গিত দেওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে, ঢাকাকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।
ন্যাটোর আদলে গড়ে তোলা এই চুক্তির মূল শর্ত হলো—যেকোনো এক সদস্য দেশের ওপর আক্রমণ বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তুরস্ক জানিয়েছে, অন্যান্য মিত্র দেশের জন্যও এ জোটের দরজা উন্মুক্ত।
কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সামরিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলতে পারে। বিশেষ করে ভারতের সঙ্গে বর্তমান টানাপোড়েনমূলক সম্পর্কে এটি নতুন সমীকরণ তৈরি করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে, যা দেশের তৈরি পোশাক রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারে।
তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, অন্য কোনো দেশ অসন্তুষ্ট হবে কি না—কেবল তার ওপর ভিত্তি করে নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে বিবেচনায় নিয়েই ঢাকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।