বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার পেছনে কোনো ভূমিকম্প নয়, বরং বরফ ও পাথরধসের মতো বিশাল ভূমিধস দায়ী ছিল বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্প ভাবা হলেও মূলত পাহাড়ে বিশাল ধসের তীব্রতার কারণেই এই কম্পন সৃষ্টি হয়েছিল। নেপালের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের মতে, পাহাড়ের একটি বিশালাকার বরফখণ্ড খসে পড়ে বিপুল পরিমাণ পাথর ও পলিমাটি নিয়ে নিচের নদীতে আছড়ে পড়ায় এ ভয়াবহ জলোচ্ছ্বাস ও ঢলের সৃষ্টি হয়।
এই ঘটনায় জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব ছিল কি না—তা বিজ্ঞানীরা এখনও খতিয়ে দেখছেন। একই সাথে হিমবাহ-হ্রদের বিস্ফোরণ, নদীর গতিপথ সাময়িক আটকে যাওয়া কিংবা ভারী বৃষ্টিপাতের ভূমিকাও তদন্তের আওতায় রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় এই প্রলয়ংকরী বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৬২ জনে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি, সড়ক ও সেতু; এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তথ্য বিশ্লেষণ করে যাচ্ছেন আন্তর্জাতিক গবেষক দল।