বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ময়মনসিংহের সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী ‘ইমাম পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘শ্যামলী বাংলা পরিবহন’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।