বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের বড় ধরনের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, নিজেদের তৈরি ‘জাহান্নামের গভীরতা’ থেকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই পালাতে পারবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টার জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী । মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ ও সেনাদের সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জর্ডানের ঘাঁটিতে ইরানের ছোড়া ৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেন ট্রাম্প।
অন্যদিকে, ‘আত্মরক্ষার অধিকার’ থেকে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। যুদ্ধক্ষেত্র, কূটনীতি ও অর্থনীতিতে ইরানের ‘নতুন কৌশল’ যুক্তরাষ্ট্রের ভিত্তি নাড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।