শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, হুড়োহুড়িতে নিহত ২৪ শিশু শিক্ষার্থী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির সাউথ কিভু প্রদেশের রাজধানী ও বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে আগুন লাগার পর হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, আগুনে শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন প্রাপ্তবয়স্ক নাগরিকও মারা গেছেন। অগ্নিকাণ্ডে স্কুলসহ আশপাশের প্রায় ৩০০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও হুড়োহুড়িতে প্রাণহানির ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com