শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে সাফ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। এমনকি আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রভাব পড়ার ঝুঁকি থাকলেও তিনি এই পদক্ষেপ থেকে পিছপা হতেন না।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যুদ্ধের কৌশলগত ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিতর্ক চললেও ট্রাম্প নিজের সিদ্ধান্তের পক্ষেই অনড় অবস্থান পুনর্ব্যক্ত করলেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামুদ্রিক ড্রোনে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, ড্রোনটির মাধ্যমে পরিচালিত একটি ‘আগ্রাসী অভিযান’ তারা প্রতিহত করেছে। তবে এ ঘটনায় ড্রোনটি ধ্বংস হয়েছে কি না, তা স্পষ্ট নয় এবং ওয়াশিংটনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কৌশলগত এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।