শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঝলমলে রূপালি জগতে যশ, খ্যাতি আর অর্থ—সবই পেয়েছেন তারা। তবে পর্দার প্রেমের গল্প বাস্তবে রূপ দিয়ে অনেকেই সংসারী হলেও, কেউ কেউ হেঁটেছেন উল্টো পথে। বয়স পঞ্চাশ পেরোলেও বিয়ের বাঁধনে নিজেদের জড়াননি বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীরা। তাদের অবিবাহিত থাকার পেছনের গল্প নিয়েই এই আয়োজন।
আমিশা প্যাটেল (৫১)
‘কহো না প্যায়ার হ্যায়’ দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া আমিশা প্যাটেল এখনো সিঙ্গেল। বিয়ের শর্ত হিসেবে ক্যারিয়ার ছাড়ার প্রস্তাব এলে তা ফিরিয়ে দেন স্পষ্টভাষী এই অভিনেত্রী। ৫১ বছর বয়সেও নিয়মিত বিয়ের প্রস্তাব পান তিনি, যার মধ্যে অনেকে বয়সে অনেক ছোট। তবে ভুল শর্ত বা ভুল মানুষের সাথে আপস না করাই তার বিয়ে না করার মূল কারণ।
সুস্মিতা সেন (৫০+)
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন তিনবার বিয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ মুহূর্তে সরে এসেছিলেন। প্রতিকূল ও বিষাক্ত সম্পর্ক থেকে সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছেন বলেই বিশ্বাস করেন তিনি। বিয়ে না করলেও দুই কন্যাসন্তান—রিনি ও আলিশাকে দত্তক নিয়ে সফলভাবে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বড় করছেন। সুস্মিতার মতে, জীবনে ভালোবাসার কোনো ঘাটতি নেই তার।
টাবু (৫৪)
বলিউডের গৎবাঁধা নিয়মের বাইরে নিজের অনন্য পরিচিতি তৈরি করেছেন ৫৪ বছর বয়সি টাবু। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে প্রেম ও বিয়ের গুঞ্জন উঠলেও বাস্তব জীবনে তিনি অবিবাহিতই থেকে গেছেন। অভিনেত্রীদের বয়স বাড়া নিয়ে সমাজের অযাচিত কৌতূহলকে পাত্তা না দিয়ে নিজের শর্তেই জীবন উপভোগ করছেন এই শক্তিমান অভিনেত্রী।
নগমা (৫১)
নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়িকা নগমা রূপালি পর্দা ছেড়ে পরবর্তীতে নাম লিখিয়েছেন রাজনীতিতে। সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার প্রেমের গুঞ্জন একসময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। তবে প্রেম এলেও শেষ পর্যন্ত আর ছাদনাতলায় যাওয়া হয়নি ৫১ বছর বয়সি এই তারকার।