মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকা সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক

ঢাকা সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা উত্তরে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে’ এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে সব দল আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই লক্ষ্যেই জামায়াত ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনের জন্য জামায়াত সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বিভিন্ন পর্যায়ের প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত ধাপে রয়েছে।

এ সময় ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যারা প্রথাগত রাজনীতি করে এবং এ ভূখণ্ডের ইতিহাস জানে না, তারাই এমন কাজ করতে পারে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো ঢাকার দুই সিটির তফসিল ঘোষণা না করলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com