বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের এই ভোট উৎসব শুরু হবে।
ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি:
প্রথম ধাপ: ১২ নভেম্বর
দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর
তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর
চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি
পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি
ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল
সপ্তম ধাপ: ২৭ মে
নির্বাচন কমিশনার আরও জানান, আইনে পরিবর্তন না এলে বিদ্যমান আইনেই ভোট হবে। বর্তমানে সম্ভাব্য সময়সূচি জানানো হলেও পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তফসিল ঘোষণা করবে কমিশন। উল্লেখ্য, স্থানীয় সরকারের পাঁচ স্তরের প্রতিষ্ঠানের মধ্যে কমিশন শুরুতে ইউনিয়ন পরিষদের ভোট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।