মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিদেশে কোনো ধরনের বিনিয়োগ, ব্যাংকে অর্থ গচ্ছিত রাখা কিংবা বাড়ি-জমি কেনার সামান্যতম প্রমাণ দিতে পারলে তাৎক্ষণিকভাবে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ, ব্যাংকে টাকা রাখা কিংবা ভিলা-জমি তো দূরের কথা—একটি ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তবে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেব এবং যেকোনো শাস্তি মাথা পেতে নেব।”
তিনি আরও উল্লেখ করেন, সরকারের কাছে বিদেশে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদ অনুসন্ধানের যথেষ্ট সক্ষমতা রয়েছে। কিন্তু একটি মহল রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়ে এআই (AI) দিয়ে তৈরি ভুঁইফোঁড় পেজের পুরোনো পোস্ট কপি-পেস্ট করে মিথ্যা অনুসন্ধান চালাচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে এবং দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে নিজেদের সন্তানদের দুর্নীতি আড়াল করতেই এমন অপপ্রচারের নাটক শুরু করা হয়েছে বলে তিনি দাবি করেন।