মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এক সমন্বয় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা সমাধান, জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়।

আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেছে এনসিপি। জাতীয় রাজনীতিতে ১১ দলীয় ঐক্যের অংশীদার হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। বিশেষ করে জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে ঢাকা দক্ষিণ সিটিতে সমঝোতা না হওয়ায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ ও উত্তরে আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে জামায়াত দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং উত্তরে মহানগর আমির সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে সামনে রাখায় এনসিপি নতুন করে মূল্যায়ন চালায়। তরুণ ভোটারদের জনপ্রিয়তা এবং বিগত নির্বাচনের মাঠপর্যায়ের হিসাব বিবেচনায় দক্ষিণে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরে মুখপাত্র আসিফ মাহমুদকে চূড়ান্ত করা হয়।

প্রার্থিতা চূড়ান্তের পাশাপাশি আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসিফ মাহমুদ ঢাকা উত্তরে (আফতাবনগর) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণে (২১ নম্বর ওয়ার্ড) নিজেদের ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

এদিকে দুই সিটিতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলেও জাতীয় পর্যায়ের ঐক্যে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সমঝোতার সুযোগ খোলা রয়েছে বলেও জানান এনসিপির নীতিনির্ধারকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com