বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে জোর গতি অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৯ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। এই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০৪ কোটি ৭০ লাখ ডলার বা প্রায় ১৬ দশমিক ৯ শতাংশ।