মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটিয়ে উঠতে ব্যবসায়ী এবং গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি সমাধান হওয়ায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জ্বালানি সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া দীর্ঘদিনের একটি জটিল সমস্যা, যা রাতারাতি ছয় মাস বা এক বছরে দূর করা সম্ভব নয়। তবে সরকার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। সংকট মোকাবিলায় জিটুজি ভিত্তিতে তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে, যা ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অপরিহার্য। অস্থিতিশীলতা পরিহার করে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের ক্ষতি হলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই সমস্যা আড়াল না করে সমাধানের স্পষ্ট রোডম্যাপ নিয়ে সরকার এগোচ্ছে।
তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।