মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামে এক স্কুলছাত্রীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরের মেঝে খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে এবং স্থানীয় সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল মরিয়ম। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার গভীর রাতে বিদ্যালয় সংলগ্ন জামিনুরের ঘরের ভেতর মাটিচাপা অবস্থায় তার মরদেহের সন্ধান মেলে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়েছিল। আটক দুজনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।