মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর বাড্ডায় ঘরে ঢুকে রানা (৩৫) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উত্তর বাড্ডার একটি বাসায় এ ঘটনা ঘটে। গুলিটি তার ডান পায়ের হাঁটুর ওপর লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রানা পেশায় একজন প্রাইভেট কার চালক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে। ভুক্তভোগী ও তার স্বজনদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা তামিম নামের এক যুবক রানার বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় পূর্ববিরোধের জেরে তামিম ও তার দুই সহযোগী বাসায় ঢুকে রানাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি নেন। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।