মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চাপ প্রয়োগ বা জোরপূর্বক নেওয়া কোনো শিক্ষকের পদত্যাগপত্রের আইনগত বৈধতা নেই বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বলপ্রয়োগের শিকার শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। সম্প্রতি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
রায়ে আদালত স্পষ্ট করেন, স্বেচ্ছায় পদত্যাগ না করে চাপের মুখে স্বাক্ষর করতে বাধ্য হলে তা আইন ও বিধিমালার দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। এরপর তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। ঢাকা শিক্ষা বোর্ডের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থানীয় পরিচালনা পর্ষদ বোর্ডের সিদ্ধান্ত কার্যকর না করায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
হাইকোর্ট রায়ে বলেন, বোর্ডের নির্দেশনা বাস্তবায়ন না করা স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের শামিল। আলকাছ উদ্দিন আহমেদকে অবিলম্বে প্রধান শিক্ষক পদে বহাল করতে হবে।
আদালত হুঁশিয়ারি দিয়ে জানান, এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বাতিল, সভাপতিকে অপসারণ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।