বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) এবং মাইক্রোবাসচালক মুন্না (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।