মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রবাসে থাকাকালে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে গাজীপুর মহানগরীর পূবাইলে হাসনা আক্তার (২০) নামের এক নারীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার মাওরারটেক রেললাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল নওগাঁ জেলার মান্দা থানার বড়ট্রকাঠের ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে হাসনা আক্তারের সঙ্গে রফিকুলের বিয়ে হয়। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে আসেন রফিকুল। প্রবাসে থাকার সময় পাঠানো টাকার হিসাব নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধ চলছিল। এরই জেরে রবিবার দুপুরে গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে কৌশলে হাসনাকে পূবাইলের নির্জন রেললাইন এলাকায় নিয়ে যান রফিকুল। সেখানে তিনি হাসনার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই রফিকুলকে আটক করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসনাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল রেললাইনের সীমানার মধ্যে হওয়ায় আটক ব্যক্তি ও মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।