সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আওয়ামী লীগ কোনোভাবে পুনরায় ক্ষমতায় ফিরে এলে দেশের কেউ নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। একই সঙ্গে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলেও দাবি করেছেন তিনি।
রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য ও দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে ফারুক হাসান ক্ষোভ প্রকাশ করে লেখেন, “যমুনা ফিউচার পার্ক এলাকায় গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল! আর আপনারা এদিকে গুতাগুতি করতে থাকেন। লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না।”
নিজের দেওয়া পোস্টের মন্তব্যের ঘরে তিনি ‘বার্তা বাজার’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত সংবাদের একটি স্ক্রিনশটও সংযুক্ত করেন। ওই প্রতিবেদনে ‘যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল’ শিরোনামে সংবাদ প্রকাশের চিত্র দেখা যায়।
তবে রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা যমুনা ফিউচার পার্কের সামনে আসলেই কোনো ধরনের গ্রেনেড বা ককটেল বিস্ফোরণ ঘটেছে কি না কিংবা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল করেছে কি না—তা তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ কোনো সূত্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।